চকরিয়ায় অস্ত্রসহ তিন যুবক আটক


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৮ নভেম্বর ২০১৬

কক্সবাজারের চকরিয়ার মছনিয়াকাটা এলাকা থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৭) সদস্যরা। এ সময় ২টি ওয়ান শুটার গান, একটি লম্বা বন্দুক এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটকরা হলেন, স্থানীয় মছনিয়া কাটা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৩৫), মৃত আব্দুল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল হাশেমের ছেলে মোহাম্মদ আলী (৩২)।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী র্যা ব-৭ চট্টগ্রামের লে. আশেকুর রহমান (এক্স) বিএন।

তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে স্থানীয় ইউনুছের পান দোকানের সামনে থেকে তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে রাস্তার পূর্ব পাশের ঝোপের ভেতর থেকে ১টি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।