কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার : আটক ২


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে অপহৃত শিশু রিদুয়ান উলাহকে (৮) উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার শিশু রিদুয়ান ভারুয়াখালীর গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ উর রশিদ ও শামিনা আক্তার দম্পতির একমাত্র ছেলে এবং নুরানি আলিমুল কোরআন মাদরাসার ১ম শ্রেণির ছাত্র।

বুধবার বিকেলে চকরিয়া থানা পুলিশের সহায়তায় থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রিদুয়ান উলাহর মা শামিনা আক্তার জানান, গত মঙ্গলবার সকালে মাদরাসা শিক্ষক আব্দুল মোনাফ রিদুয়ানকে বেড়াতে নেয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই মাদরাসা শিক্ষক ছেলে ফেরত নিতে মোবাইলে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর স্থানীয় ইউপি সদস্যসহ পেকুয়া থানা পুলিশের সহায়তা চান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজ ভূঁইয়া জানান, শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদের ছেলে মাদরাসা শিক্ষক আব্দুল মোনাফ ও তার সহযোগী জামাল উদ্দিনের ছেলে নুর উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মত চকরিয়া থানার নিকটবর্তী এলাকা থেকে শিশু রিদুয়ানকে উদ্ধার করা হয়েছে। আটক দুই অপহরণকারীকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।