শেরপুর সীমান্তে দূর্বৃত্তদের হামলায় নিহত ১, আহত ৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন লালপাহাড়ে বেড়াতে গিয়ে দূর্বত্তদের হামলায় এক যুবক নিহতসহ আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২২)। আহতরা হলেন-শেরপুর সদরের যুগিনীমোড়া নামাপাড়া এলাকার ইমন মিয়া (২০), ফারুক হোসেন (২১) ও শামীম মিয়া (২০)। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদরের যুগিনীমোড়া নামাপাড়া এলাকার কলেজপড়ুয়া ৪ বন্ধু রাজ্জাক, ইমন, ফারুক, শামীম শুক্রবার দুপুরে মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। বেড়ানোর একপর্যায়ে তারা বিকেলে ইকোপার্কের উত্তর দিকের দুর্গম লালপাহাড়ে চলে যায়। লালপাহাড়ের গহীন বনে অজ্ঞাতনামা একদল দূর্র্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। এসময় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চারবন্ধু গুরুতর জখমে আহত হয়। সন্ধ্যার আগমুহুর্তে স্থানীয় গরু রাখালরা লালপাহাড়ের ঢাল থেকে গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় ইউপি জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে আহত উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ফারুক জানায়, তখন বিকাল পাঁচটার মতো হবে। আমরা চার বন্ধু লালপাহাড়ে বেড়াচ্ছিলাম। নির্জন পাহাড়ের একটি টিলার কাছে যেতেই ১০/১২ জন লোক দাও-কিরিচ, চাপাতি, ডেগার নিয়ে আমাদের ওপর আক্রমণ করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাদের উপর্যুপুরি হামলায় আমরা গুরুতর জখম হলে জীবন বাঁচাতে যে যার মতো দৌড়ে পালাতে চেষ্টা করি। আমাদের মধ্যে রাজ্জাকের ওপর সবচেয়ে বেশী হামলা হয়েছে। সে বেঁচে আছে, নাকি মরে গেছে, কিছুই বলতে পারছিনা।
এদিকে, আহতদের তথ্য মতে নিখোঁজ রাজ্জাকের সন্ধানে লালপাহাড়ে পুলিশ ও স্থানীয় অধিবাসীদের অভিযান চালালে রাত ৯টার দিকে তার মৃতদেহ খুজে পাওয়া যায়। নিহত রাজ্জাক সদর উপজেলার যুগিনীমোড়া এলাকার ছোরহাব আলীর ছেলে।
নিহত আব্দুর রাজ্জাক এর মৃতদেহ খুজে পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল ইসলাম ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া।
আরএস