পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আসামির মৃত্যু


প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৩ নভেম্বর ২০১৬

যশোরে প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার শুকুর আলী পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শুকুর আলী শহরের খড়কী সার্কিট হাউজপাড়ার জনৈক মতিয়ার রহমান মতির ছেলে।

গত ৬ নভেম্বর একদল সন্ত্রাসী শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এমএম কলেজের আসাদ হলে মারধর করে। এ সময় তার তার ডান পায়ের নখ উঠিয়ে দেয়া হয়। ড্রিল দিয়ে ছিদ্র করে দেয়া হয় তার উরু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর দিনই হাসপাতাল কর্তৃপক্ষ শুকুরকে ঢাকায় রেফার করেন। কিন্তু পুলিশের এক কর্মকর্তা তাকে ঢাকা নিতে দেননি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শুকুরের বাবা।

যশোর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রীতি জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় শুকুরকে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এক পায়ের নখ প্লায়ার্স দিয়ে উঠিয়ে নেয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত ছিল। এছাড়া শুকুরের ডান পা ড্রিল দিয়ে ছিদ্র করা ছিল।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, শুকুরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে। একটি মামলার সুনির্দিষ্ট আসামি হিসেবে গ্রেফতার অবস্থায় সে চিকিৎসাধীন ছিল।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।