এমপি বদির জামিনে উখিয়া-টেকনাফে সমর্থকদের মিছিল


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতে বদির বিরুদ্ধে দেয়া ১০ লাখ টাকার জরিমানার আদেশটিও হাইকোর্ট স্থগিত করেছেন ।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এ আদেশ দেয়া হয়। আদালতে বদির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি এবং নাসরিন সিদ্দিকা লিনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খোরশেদ আলম খান।

এ খবর এমপি বদির নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফে এসে পৌঁছানোর মুহূর্তেই তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহানসহ বদির সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে বের হয়ে মিছিল সহকারে টেকনাফ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।

এরপর এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বদি সমর্থকদের এতোদিনের দাবির জয় হয়েছে। উচ্চ আদালতের চূড়ান্ত রায়েও তাদের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। তবে এখানেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি।

অপরদিকে একইভাবে আনন্দ মিছিল করেছে উখিয়ার এমপি বদি সমর্থক গোষ্ঠী। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে বদি সমর্থকরা মিছিল সহকারে উখিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উখিয়া একরাম চত্বরে এক পথসভায় মিলিত হন।

সেখানে বক্তব্য রাখেন অধ্যাপক হুমায়ূন কাবর চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, ছাত্রলীগ সম্পাদক মকবুল হোসেন মিথুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ শেখর, স্বপন শর্মা, রাশেল উদ্দিন সুজন প্রমুখ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ে একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।