গোপালগঞ্জে বাস খাদে, নিহত ২


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার রঞ্জিতরুলা গ্রামের মৃত আয়েনউদ্দিন শেখের ছেলে আনছার শেখ (৭০) ও ওমর আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৫০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

আহতদের মধ্যে আলাউদ্দিন (৫৫) ও শাহী হাসান (১৭) নামে দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের সবার বাড়ি বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চারটি বাসে করে খুলনার বটিয়াঘাটা থেকে একদল লোক বরিশালের চরমোনাই পীর-এর বার্ষিক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। পথে কাজুলিয়া এলাকায় একটি বাস সামনের চাকার রিং ভেঙে নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বাসটি পানি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।