বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ১২৫ রোহিঙ্গাকে ফেরত
মিয়ানমারে সহিংসতা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফের নাফনদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শতাধিক রোহিঙ্গাকে আটক করে সেদেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পয়েন্টে নাফ নদীর জলসীমার শূন্যরেখায় এ অভিযান চালায় কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, ১২৫ রোহিঙ্গার মধ্যে ২৮ জন পুরুষ, ৬১ জন নারী ও ৩৬ শিশু। তাদের একই পথে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিউর রহমান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।
টেকনাফ ২-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারে সহিংসতা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা স্বাভাবিকভাবে বেড়েছে। তাই সীমান্তের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে শতাধিক রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে সেদেশে ফেরত পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি