মিয়ানমার রাষ্ট্রদূতের কার্যালয় ঘেরাওয়ের হুমকি হেফাজতের
মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ না হলে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম।
শুক্রবার জুম’য়ার নামাজের পর শহরের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আবারও ওই মসজিদের সামনে গিয়ে শেষ হয়। হেফাজতের বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী সংগঠনও যোগ দেয়। এ সময় মিছিলে জেলার কয়েক হাজার মুসুল্লিরা অংশ নেন।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ইসমাইল আব্বাসী, মুফতি আবুল হাশেম, মুফতি মুসা কাতেমী, মুফতি হারুন অর রশিদ, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা কামাল উদ্দিন দাইমী, মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি আনিছ আনসারী প্রমুখ।
বক্তারা বলেন, বর্ডার ক্রস করে ভারত থেকে ভেসে আসা একটি হাতি বাংলাদেশে এসেছিল। তখন বাংলার মানুষ সেই হাতিটিকে লালন-পালন করতে থাকে এবং হাতিটির নাম রাখা হয়েছিল বঙ্গ বাহাদুর। আর হাতিটি মারা যাওয়ার পর বাংলাদেশের সরকার, মিডিয়াকর্মীসহ বিভিন্ন লোকজন নানা পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু মিয়ানমার থেকে হত্যা ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হচ্ছে। যারা প্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হচ্ছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস