যশোরে অস্ত্রসহ নারী আটক


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

যশোরে অস্ত্রসহ নাসরিন আক্তার দিবা নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে শহরের মণিহার এলাকার জনি ভ্যারাইটি স্টোরের সামনে থেকে বোরকা পরিহিত ওই নারীকে আটক করা হয়।

আটক নাসরিন আক্তার দিবা বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন ওরফে আল-আমিনের স্ত্রী বলে র‌্যাবের কাছে পরিচয় দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী জানান, বোরকা পরা এক নারী ব্যাগে অস্ত্র বহন করে যশোর থেকে বাগেরহাটে যাচ্ছেন বলে খবর পেয়ে তারা যশোর শহরের মণিহার এলাকার জনি ভ্যারাইটি স্টোরের সামনে থেকে বোরকা পরিহিত অবস্থায় এক নারীকে আটক করেন। এসময়  জিজ্ঞাসাবাদে ওই নারী তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, আটক নারী নিজের নাম নাসরিন আক্তার দিবা পরিচয় দেন এবং বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন ওরফে আল-আমিনের স্ত্রী বলে দাবি করেন। তার কাছে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভেতর থেকে লাল প্রিন্টের কাপড়ের টুকরা দিয়ে মোড়ানো একটি (৭.৬৫ লোহার তৈরি) বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগজিন, একটি ওয়ের্স্টান মোবাইল সেট, তিন হাজার একশত ত্রিশ টাকা জব্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানায় নাসরিন আক্তারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।