বেনাপোলে ৩০ বস্তা ভারতীয় চা পাতা আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে পাচারের সময় ৩০ বস্তা ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক চা-পাতার মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
রোববার দুপুরে এসব চা পাতা আটক করা হয়। তবে চা-পাতা পাচারের সঙ্গে জড়িত কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আজমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বেলা ১২টার দিকে একদল চোরাকারবারী চা-পাতা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা ৩০টি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। বস্তা খুলে প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চা-পাতা পাওয়া যায়। উদ্ধার চা-পাতা বেনাপোল কাস্টমসের গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/এএম