ভারতে পাচারের তিন বছর পর দেশে ফিরলো ১৪ তরুণী


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৯ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

চাকরির প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়ার তিন বছর পর দেশে ফিরেছে বাংলাদেশি ১৪ তরুণী। সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা তরুণীদের মধ্যে ১০ জনকে রাইটস যশোর, দুইজনকে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতি ও দুই জনকে জাস্টিসান কেয়ার নামে এনজিওর হেফাজতে দেয়া হয়েছে।

যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দালালের প্রলোভনে পড়ে ফেরত আসা তরুণীরা তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। রাতেই তাদের যশোর নিজেদের শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে। পরে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।