না.গঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সদস্য পদে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন সংরক্ষিত সদস্য ও তিনজন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা খাতুন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান প্রমুখ।
বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগ আড়াইহাজার উপজেলার ১০নং ওয়ার্ডের একক প্রার্থী খোরশেদ আলম, জেলা পরিষদের তালিকাভুক্ত ঠিকাদার হওয়ায় রূপগঞ্জ উপজেলার ১৩নং ওয়ার্ডে আব্দুল কাইউম খান ও হাবিবুর রহমান, জেলা পরিষদের নিয়োগপ্রাপ্ত আইনজীবী হওয়ায় সংরক্ষিত ৪নং ওয়ার্ডের একক প্রার্থী অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হলো তারা আগামী তিনদিনের মধ্যে অর্থাৎ ৪ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিকের) বরাবরে আপিল করতে পারবেন।
এছাড়া যাদের বৈধ বলে ঘোষণা করা হয়েছে তাদের সম্পর্কেও কোনো তথ্য গোপনের বিষয় থাকলে লিখিত অভিযোগ জানাতে পারবেন।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদে ও সাধারণ ওয়ার্ড ১ থেকে ৬ এবং সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের বাছাই অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান কিংবা সদস্য পদে একক প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে অর্থাৎ ১২ ডিসেম্বরের পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে গণ্য হবেন।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি