গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে ‘১১ দলীয় ঐক্য’র ব্যানারে বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করে জোটভুক্ত দলগুলো।
এতে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টিসহ জোটভুক্ত দলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা সরকারকে অনতিবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় রাজপথ ও সংসদে প্রতিবাদের মাধ্যমে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।
জাগো নিউজের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
চুয়াডাঙ্গা: বিকেলে চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কবোরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টাউন মাঠে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে প্রায় ৪০ মিনিট শহরের যানচলাচল স্থবির হয়ে পড়ে। মিছিল শেষে টাউন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি: বিকেলে শহরের প্রেস ক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
ফেনী: বিকেলে জহিরিয়া মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডে সমাবেশে মিলিত হয়।
মেহেরপুর: বিকেলে মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডক্টর শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী: বিকেল সাড়ে ৫টার দিকে ১১ দলীয় জোট রাজবাড়ী শাখার ব্যানারে শহরের আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের বড় বাজার এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নওগাঁ: বিকেল সাড়ে ৫টায় শহরের কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ: বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের দরগাহ রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
নেত্রকোণা: বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
চাঁদপুর: বিকেলে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়।। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এমএন/এমএস