আইভীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল আইভীর পাশে থাকার ঘোষণা দেয়ার পর মেয়র পদ থেকে জাসদের মোসলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ প্রসঙ্গে মোসলেম উদ্দিন বলেন, ১৪ দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছি। আমি দলের সিদ্ধান্তে ১৪ দলের প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভীকে সমর্থন করে যাবো।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে জোটের সিদ্ধান্ত মোতাবেক জাসদের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তবে নির্বাচনে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট থাকলেও তাদের শরিক দল কল্যাণ পার্টি ও এলডিপির প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেনি।

সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাসদের মেয়র প্রার্থী মোসলেম উদ্দিনের সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুর নওফেল, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, জাসদের প্রার্থী মোসলেম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী বিভিন্ন কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।
 
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।