কক্সবাজারে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে দুই দিনের বাছাইয়ে সাধারণ সদস্য পদে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ঋণ খেলাপি, হলফনামা না দেয়া ও স্বাক্ষরে গড়মিলের কারণে রোববার (০৪ ডিসেম্বর) ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তারা হলেন, অন্যের ঋণের জামানতদার হিসেবে খেলাপির কারণে ৯ নম্বর ওয়ার্ডের মো. আরিফুল ও নিজ ঋণ খেলাপির কারণে ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন চৌধুরী ও ইসলাম চৌধুরী, হলফনামা না দেখানোয় ৭ নম্বর  ওয়ার্ডের খলিলুর রহমান এবং প্রস্তাবক ও সমর্থনকারীর স্বাক্ষর গড়মিলের কারণে ১২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুহিব্বুল্লাহ।

প্রথম বাছাইয়ের দিন (শনিবার) দুই চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের প্রার্থীসহ সাধারণ ৫টি ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। এদিন সাধারণ সদস্য পদে ঋণ খেলাপির কারণে ৭ জনের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন।

বাতিল প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডের মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল), ২ নম্বর ওয়ার্ডের জাফর আলম, ৩ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের এসএম গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম,  মো. ইকবাল এবং ৫ নম্বর ওয়ার্ডের কমর উদ্দিন।

রোববার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার কাজি মো. আবদুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাখাওয়াত হোসন, মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল আলমসহ সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদের নির্বাচনে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আপিলে কেউ প্রার্থীতা ফিরে পেলে বাড়তে পারে প্রার্থীর সংখ্যা।

কক্সবাজার নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা বাছাইয়ের দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আগামী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সায়ীদ আলমগীর/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।