নৌকা আইভীর, সাখাওয়াতের ধানের শীষ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আজ থেকে নৌকা-ধানের শীষে ভোটের লড়াই শুরু হচ্ছে। সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।

এদিকে নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে অনন্য এক উৎসবের আমেজ বিরাজ করছে।

রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, বর্তমানে নাসিক নির্বাচনে ৭ জন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তারা হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা, বিএনপি দলীয় প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইলকে কোদাল, এলডিপির কামাল প্রধানকে ছাতা, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌসকে হাতঘড়ি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহকে হাত পাখা ও ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হককে মিনার প্রতীক দেয়া হয়েছে।

প্রতীক পাওয়ার পর আইভী বলেন, এখন থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু। সবাই নৌকার পক্ষে কাজ করবেন, কারণ আইভী নৌকার বাইরে না। আমাদের এবারের শ্লোগান হচ্ছে, নয় শংকা নয় ভয়, শহর হবে শান্তিময়। এই শ্লোগানকে সামনে রেখে এবার আমরা কাজ করবো।

অপরদিকে প্রতীক পাবার পর সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ এখন ভোটের জন্য প্রস্তুত। সরকার আর নির্বাচন কমিশনের মনোভাব যদি মানুষকে ভোট দিতে দেয়ার পক্ষে থাকে তবে আমাদের জয় সম্ভব। আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। দেখতে চাই উনাদের মনোভাবের পরিবর্তন হয়নি। নৌকার প্রার্থী আচরণবিধি না মানলেও আমরা মেনে চলেছি।

নির্বাচনে মেয়র পদ ছাড়াও ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।

ভোটগ্রহণ করা হবে ১৬৩টি কেন্দ্রে ও ১২১৭টি ভোটকক্ষে। নির্বাচনে মোট ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ১২১৭ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৪৩৪ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।