সাখাওয়াতের বিরুদ্ধে বিএনপির প্রবীণ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ


প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রবীণ নেতা জান্নাতুল ফেরদৌসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে। দলের প্রার্থীর সঙ্গে প্রতীক বরাদ্দ নিতে গিয়ে প্রার্থীর হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।    

সোমবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দের  দিনে  ওই ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্লাবের সামনে এসে পৌঁছান সাখাওয়াত হোসেন খান। তখন তার সঙ্গে আসেন জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। যিনি এক এগারোর পর নারায়ণগঞ্জে বিএনপিকে সক্রিয় রাখতে কাজ করেছিলেন। এ সময়ে সাখাওয়াত ও তার লোকজন মিলে জান্নাতুল ফেরদৌসকে শরীরে ধাক্কা দিয়ে ফেলে দেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে ফেরদৌস ক্ষুব্ধ হয়ে ওই এলাকা ত্যাগ করেন। তখন আশেপাশের লোকজন এসে ফেরদৌসকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
 
প্রত্যক্ষদর্শী একজন জানান, ফেরদৌসকে বেশ উচ্চকণ্ঠেই সাখাওয়াত বলেন, আপনি তৈমূর সাহেবের লোক। তৈমূর সাহেব আসে নাই। আপনিও চলে যান।
 
ওই সময়ে সাখাওয়াতের সঙ্গে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করা ব্যক্তিদের মধ্যে একজন নুরুল ইসলাম সরদার। যিনি  ২০০৯ সালের অক্টোবরে গঠিত নারায়ণগঞ্জ শহর বিএনপির বিদ্রোহী পাল্টা কমিটির সভাপতি। অপরজন আবদুল হাই রাজু হলেন ওই বছরের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে গঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিদ্রোহী কমিটির সেক্রেটারি।
 
এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে জানান, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমি ওই ঘটনায় খুবই ক্ষুব্ধ ও লজ্জিত। এর বেশি আমি কিছুই বলতে চাচ্ছি না।
 
অন্যদিকে সাখাওয়াত হোসেন খান জানান, এ ধরনের ঘটনা ঘটেনি। প্রতীক বরাদ্দের সময়ে কিছু নিয়ম ছিল। সেটা মেনে চলেছি। তখন হয়তো অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেনি।

মো. শাহাদাত হোসেন/আরএআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।