পাচার হওয়া কিশোরকে বেনাপোলে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হৃদয় সুত্রধর (১৫) নামের এক কিশোরকে দেড় বছর পর সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। ফেরত আসা কিশোর বরিশালের গৌরনদী থানার সাকোকাঠি গ্রামের রামকৃষ্ণ সুত্রধরের ছেলে।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে ওই কিশোরকে দেড় বছর আগে পাচারকারীরা ভারতে নিয়ে যায়। এরপর সেখানে তাকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য করে।
অবৈধ ভাবে ভারতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে পরে তার ঠাঁই হয় কোলকাতার ‘সিনিআরবান ইউনিট’ নামে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে স্বদেশে ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে রাইটস যশোরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেবে।
জামাল হোসেন/এফএ/পিআর