না.গঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান সাখাওয়াত


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস ও মাদকের যে দুর্ণাম রয়েছে আমি নির্বাচিত হলে তা কলঙ্কমুক্ত করার চেষ্টা করবো।

মঙ্গলবার দুপুর ১২টায় নাসিক নির্বাচনে শহরে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, এই নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ সেই অধিকার ফিরে পেতে চলছে। তাই সেই অধিকার যেন হরণ করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নাসিক নির্বাচনকে চ্যালেঞ্জ ও টেস্ট হিসেবে নিচ্ছি। সরকার ও নির্বাচন কমিশনারের প্রতি আস্থা রাখতে চাই। তারা যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেন।

Narayanganj

তিনি আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র থাকাকালিন জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারেনি। তাই জনগণের ভোটে আমি নির্বাচিত হলে বন্দরবাসীর দীর্ঘদিনে প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতু নির্মাণ করবো। এছাড়া নগরবাসীর উপরে হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স বৃদ্ধি করে যেভাবে বোঝা চাপিয়ে দেয়া হয়েছে আমি নির্বাচিত হলে তা অর্ধেক কমিয়ে আনবো।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সাবেক এমপি আবুল কালাম, গিয়াস উদ্দিন, আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজি মনিরুজ্জামান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সাখাওয়াত হোসেন খান সকালে শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতীকের গণসংযোগ করেন। বেলা ১১টায় জেলা বিএনপির কাযর্যালয় থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া হয়ে আবার শহরের বাবুরাইল এলাকায় গিয়ে গণসংযোগ চালান।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।