রোহিঙ্গাদের আরো ৯ নৌকা ফেরত পাঠালো বিজিবি


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচার দোহাই দিয়ে নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই আরো ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠান।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃস্পতিবার ভোরে নাফ নদী পার হয়ে সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা দেয় এবং নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠান।

এসব নৌকায় প্রায় ১৫-২০ জনের মতো রোহিঙ্গা ছিল বলে উল্লে­খ করেন তিনি।

তিনি আরো জানান, গত ১ নভেম্বর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৫টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৪০টি নৌকায় ২ হাজার ৩৫০ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।