আইভীর পক্ষে কাজ করার ঘোষণা শামীম ওসমানের


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান। তার অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীদের আইভীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন তিনি।

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের পরিবার এক ছিল এবং এক থাকবে। আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। আগামীকাল থেকে নারায়ণগঞ্জে লাখো নেতা আইভীর পক্ষে মাঠে নামবেন।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে সংবাদ সম্মেলন করে এমন কথা জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মনে করে আমার ছোট বোন আইভীকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন।

তিনি আরো বলেন, আমার ছোট বোন আইভী যদি মনে করেন তার বড় ভাই শামীম ওসমানকে মাঠে থাকতে হবে। তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে আইভীর পক্ষে মাঠে নেমে নৌকার জন্য কাজ করবো। যেহেতু নির্বাচন কমিশনারের আইন বিধি মোতাবেক সংসদ সদস্য হিসেবে নাসিক নির্বাচনে প্রচার করতে পারবো না। তাই আওয়ামী লীগের সভাপতি যদি চায় এবং মনে করে তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।

শামীম ওসমান বলেন, বিএনপির প্রার্থীর পক্ষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে বলেছেন আমার ছোট বোন আইভী ভুল ও ভাঙ্গা নৌকায় উঠেছে। আগামী ২২ তারিখে নৌকাকে শীতলক্ষ্যায় ডুবিয়ে দিবেন। আমি তার বক্তব্যের পেক্ষিতে বাবুকে বলতে চাই, নৌকা কিন্তু শুধু আইভীর একা নয়। আইভীর বড় ভাই শামীম ওসমানসহ লাখো আওয়ামী লীগের নেতাকর্মীর।

আইভীর নৌকার বৈঠা শামীম ওসমানের কাছে আছে। গয়েশ্বর বাবু আপনারা নৌকা ডুবাবেন তো দূর থাক, আপনারা নৌকার সামনে আসতে পারবেন না। নদীতে যতই শ্রোত আসুক না কেন আইভীর নৌকার উপর কিছুই হবে না।      

শামীম ওসমানের সংবাদ সমম্মেলনে জেলা ও মহানগর, থানা, উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
     
শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।