আইভী বুঝে গেছে তার পায়ের তলায় মাটি নেই


প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, সেলিনা হায়াৎ আইভী বুঝে গেছে যে তার পায়ের তলায় মাটি নেই। আইভী দেউলিয়া হয়ে গেছে। সে কারণেই তিনি এখন নির্বাচনে সেনাবাহিনী চাচ্ছেন না।
 
রোববার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে বন্দরে গণসংযোগ করেন। সন্ধ্যার পর সাখাওয়াত বিরামহীনভাবে গণসংযোগ চালান।

সাখাওয়াত বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সম্মেলন করে যে ধরনের হুঙ্কার দেয়া দিয়েছেন এতে প্রতীয়মান হয়, নির্বাচনে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করা হবে।
 
তিনি আরো বলেন, সরকারি দলের সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। এছাড়া সরকারি লোকদের কাছে থাকা বৈধ অস্ত্র এখনো প্রশাসন জমা নেয়নি। নির্বাচনে বৈধ ও অবৈধ অস্ত্র দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন সুষ্ঠু করার লক্ষে সন্ত্রাসীদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করতে হবে।
 
তিনি বলেন, দিন যাচ্ছে আর বিএনপির ধানের শীষের জোয়ার বাড়ছে। এ গণজোয়ার দেখে আইভী বুঝতে পারছেন তার অবস্থা ভালো নয়। তাছাড়া শামীম ওসমানের সংবাদ সম্মেলনে প্রতীয়মান হয়েছে যে, নির্বাচনে প্রভাবিত করা হবে। এসব কারণেই আইভী সেনাবাহিনী চাচ্ছেন না। অথচ গত নির্বাচনে এই আইভী সবচেয়ে বেশি বার সেনা মোতায়েনের দাবি তুলে ছিলেন।

সাখাওয়াত সরকারি দলের নেতাদের অন্যায়ভাবে নির্বাচনে প্রভাবমুক্ত রাখতে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এসময় তার সঙ্গে ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি ও বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোবারক হোসেন, শাহজাহান সরকার, হাজি মনির হোসেন, মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, শরিফুল ইসলাম শাফিন, রায়হান সরকার, লিংরাজ খান, হিরণ মল্লিক প্রমুখ।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।