নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন: কক্সবাজারের ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রিফিং করেন কক্সবাজারের ডিসি

ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম এ মান্নান।

তিনি বলেন, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সব বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক।

ডিসি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ৫৯৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা, প্রিসাইডিং অফিসার এবং দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। বেশি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পুরো জেলায় সাড়ে সাত হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জেলায় সাড়ে ১৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।