রাজশাহীতে দগ্ধ ট্রাক চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদ্রাসা এলাকায় বুধবার গভীর রাতে অবরোধকারীদের পেট্রলবোমায় দগ্ধ ট্রাক চালক সেলিম রেজা (২৬) মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। তার চাচা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন জানান, নওগাঁর মহাদেবপুর থেকে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলী (৪০)। ফেরার পথে গোমস্তাপুরের মাদ্রাসার মোড় এলাকায় অবরোধকারীদের পেট্রলবোমা হামলার শিকার হন।
এ ঘটনায় ব্যবসায়ী সাহেব আলীসহ, ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে সেলিম (২৬) ও হেলপার একই জেলার শিবগঞ্জ এলাকার ওমার আলীর ছেলে ফিরোজ (৩০) দগ্ধ হন।
রামেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাক চালক সেলিমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেলিম মারা যান।
এমএএস/আরআই