তিন বছর আগে বড় সন্তান, এবার দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা
সিলেটের লালাবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজির উদ্দিন ও আমির উদ্দিন নামের দুই সহোদর নিহত হয়েছেন। অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে নিয়ে তারা সুনামগঞ্জ থেকে সিলেটে এসেছেন বলে জানা গেছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখোলা গ্রামের আব্দুল গফফারের ছেলে।
এদিকে তিন বছর আগে কুকুরে কামড়ে বড় ছেলে আলাউদ্দিনের মৃত্যুর পর বাকি দুই ছেলেকেও হারিয়ে পাগলপ্রায় আব্দুল গফফার ও মা শাছুর নাহার। বর্তমানে তারা জ্ঞান হারিয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের স্বজনরা জানান, দরিদ্রতা ঘোচাতে এক বছর আগে সিলেটে এসেছিলেন দুই ভাই। শহরের আম্বরখানা এলাকার লোহাড়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে প্রতিদিনের মতো কাজ করেই সংসার চালাতেন। বড় ভাই আজির উদ্দিন বিয়ে না করলেও ছোট ভাই আমির উদ্দিনের ঘরে ছিল দুই ছেলে ও একজন কন্যা সন্তান। এই দুই ভাইয়ের আয়ে চলত পুরো পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস একই দুর্ঘটনায় দুজনেরই প্রাণ ঝরে যায়। জানা যায়, তিন বছর আগে তাদের বড়ভাই আলাউদ্দিনও কুকুরে কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নিহতদের মামা সোহেল আহমদ সিলেট নগরীতে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। ভাগনাদের মৃত্যুর খবরে সিলেট ওসমানী মেডিকেলে ছুটে আসেন তিনি। তিনি বলেন, ভাগনা দুইটা পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিলেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফেরল না। মৃত্যু খবর শুনে তার বাবা-মা এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, তাদের বড় ভাইও ৩ বছর আগে কুকুরে কামড়ে মারা গিয়েছিল। এই পরিবারটির আর কেউ নাই। কিছুদিন আগে মায়ের অপারেশন করে পায়ে রড লাগানো সেটার চিকিৎসার ব্যবস্থা করতেই হিমমিশ খাচ্ছিলো, তার মধ্যেই এসব ঘটে গেল।
রোববার ভোর ৬টায় সিলেটের লালাবাজার এলাকায় ঢালাই কাজে যাওয়ার জন্য নগরীর আম্বরখানা থেকে একটি ডিআই পিকআপভ্যানে করে রওনা দেন প্রায় ১৫ জন শ্রমিক। ভোর ৬টা ২৫ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহমেদ জামিল/কেএইচকে/এমএস