প্রেসিডেন্ট পদক পেলেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী
বীরত্বপূর্ণ অবদান ও সাহসিকতার জন্য ২০১৬ সালের বাংলাদেশ প্রেসিডেন্ট পদক পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুরের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।
রোববার দুপুরে ঢাকার মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে এ পদক তুলে দেন।
পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মো. আখতারুজ্জামান ১৯৯১ সালে ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার পদে যোগ দেন। তার গ্রামের বাড়ি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে। তিনি অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় দেশ-বিদেশে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
২০১৫ সালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার কাদের কমপেক্ট স্পিনিং মিল, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা, শ্রীপুর উপজেলার আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড ও গাজীপুরের কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা, ২০১০ সালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নি নির্বাপণে এবং ২০০৪ সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বোমা বহনকারীর বোমা নিষ্ক্রিয়করণে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তাকে এ পদক দেয়া হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম