যশোরে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ শুরু


প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

যশোরে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল থেকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে কার্যক্রম শুরু হয়।

যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার মানুষ এ ভিসা প্রসেসিং সেন্টারে আবেদন জমা দিতে পারবেন।
খুলনা বিভাগের দ্বিতীয় ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে এই পাঁচ জেলার মানুষকে খুলনায় ভিসার আবেদন জমা দিতে হতো। তারা মঙ্গলবার থেকে যশোর সেন্টারে জমা দিতে পারছেন।

যশোর ভিসা প্রসেসিং সেন্টারের কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগের দ্বিতীয় সেন্টার যশোরে চালু হলো।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। আজকের আবেদনকারীদের সাতদিন পর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেয়া হবে।

যশোর কেন্দ্রে ইউক্যাশের মাধ্যমে ভিসার আবেদনের টাকা জমা দেয়া যাবে। ট্যুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে ই-টোকেন লাগবে।

তবে ৬৫ বছরের ওপরের নাগরিকদের ক্ষেত্রে ই-টোকেন লাগবে না। এছাড়া চিকিৎসা, ব্যবসা, সাংবাদিক, ছাত্র বা অন্য কোনো ভিসার ক্ষেত্রে ই-টোকেন দরকার হবে না।

ভারত-বাংলাদেশ চেম্বারের অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইমপোর্ট এক্সপোর্ট সাব-কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, যশোর অঞ্চলের মানুষের ভারতীয় ভিসা পেতে আগে অনেক দুর্ভোগ পোহাতে হতো। ঢাকা, খুলনায় গিয়ে ভিসা নিতে অনেক বিড়ম্বনা হতো। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যশোরে ভিসা সেন্টার চালু হওয়া মানুষের দুর্ভোগ কমবে বলে আমরা আশাবাদী।  

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।