যশোরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

যশোরে দ্বিতীয় শ্রেণির ছাত্র শাহাজাহান হোসেনের (৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নতুন উপ-শহর ৭নং সেক্টরের বস্তির একটি বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহাজাহান যশোরের নতুন উপ-শহর ৭নং সেক্টর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক আজিবর রহমান ও গৃহকর্মী সাজেদা বেগম দম্পতির ছেলে ও স্থানীয় শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, শিশুটির গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তবে মৃত শাহাজাহানের মা সাজেদা বেগম জানান, বাড়িতে কেউ ছিল না। শাহাজাহান পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে বলে শুনেছি। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, শিশুটিকে এলাকাবাসী বাড়ি থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে। এসময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তাই বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হবে।

তবে শাহাজানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবার আবেদন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।