মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে পুলিশের ভিন্ন আয়োজন
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়? স্বাধীনতার ঘোষক কে? সাত বীরশ্রেষ্ঠ’র নাম কী? ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলো মুক্তিযোদ্ধার পোষ্যদের জানানোর জন্য যশোর জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
ওই উদ্যোগের অংশ হিসেবে যশোর পুলিশ লাইনসে বৃহস্পতিবার দিনব্যাপী এক শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে চাকরিপ্রার্থী মুক্তিযোদ্ধার শতাধিক সন্তান ও তাদের সন্তানরা অংশ নেন।
প্রথমে সহকারী পুলিশ সুপার আবু নাসের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করেন।
পরে পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে এ বিষয়ে বক্তব্য রাখেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, সাংবাদিক ফখরে আলম, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার।
বক্তারা ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশে ভর্তিসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস সংক্রান্ত প্রশ্নে বেশিরভাগ পরীক্ষার্থী সঠিক উত্তর দিতে পারে না। ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান খুবই কম। এ কারণে আমরা এই শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেছি।
চাকরিপ্রার্থীদের কাছে আমার অনুরোধ তারা যেন দালাল, পীর ফকিরের শরণাপন্ন না হয়। তারা যেন জ্ঞান চর্চা করে মানুষের মতো মানুষ হয়।
মিলন রহমান/এএম/এমএস