নিজ কেন্দ্রেও হেরেছেন সাখাওয়াত


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজ কেন্দ্রেই হেরে গেছেন।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নিজের কেন্দ্রে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর কাছে প্রায় এক হাজার ভোটে হেরেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি নিজ নির্বাচনী এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে এ কেন্দ্রে তিনি পেয়েছেন ৫০৬টি ভোট। একই কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক হাজার ২৫২ ভোট।
 
অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজ কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন। আইভীর নির্বাচনী এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্র তিনি পেয়েছেন এক হাজার ৫৯১ ভোট। একই কেন্দ্রে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৬২৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সিটির ১৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলে।

১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাই স্কুল কেন্দ্রে সকালে নিজের ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী সাংবাদিকদের বলেন, যে পরিস্থিতি লক্ষ্য করেছি- এখন সন্তোষজনক। এখন পর্যন্ত খারাপ খবর পাইনি। ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবো। সুষ্ঠু নির্বাচনে জনগণ যে রায় দেবে তা মেনে নেব।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।