গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কুতুবের চর এলাকার বুদু মিয়ার ছেলে অটোচালক নুর মোহাম্মদ (৪২) এবং ইসমাইল হোসেনের ছেলে দিনমজুর হাসমত আলী (৪০)।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বজলুর রহমান বাছির জানান, ঢাকা-চট্টগ্রাম রুটের পূবাইল কলেজ গেইট ও মীরের বাজার রেল গেইটের মধ্যবর্তী বসুগাঁও এলাকায় দুপুরে ১২টার দিকে দুই শ্রমিক হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন দেখতে পায়।
এ সময় তারা ওই রেলপথ ছেড়ে পাশের রেলপথ ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। ওই সময় তাদের পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের স্বজনরা মরদেহ দুইটি গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
নরসিংদী রেলফাঁড়ির এটিএসআই মো. মাহবুব আলম বলেন, আমরা ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি আহত হওয়ার খবর শুনেছি। তবে তারা মারা গেছে কিনা তা নিশ্চিত হতে পারিনি।
মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম