‘বাংলাদেশের তাপসকে নিয়ে ভাবছে নোবেল কমিটি’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ৮৫ বছর পর ‘ভাইল ফার্মিয়নে’র মতো ক্ষুদ্রতম কণা আবিষ্কার করেছেন বাংলাদেশের সন্তান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস।
অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস-এর কথা উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, তিনি পদার্থ বিজ্ঞানে গবেষণা করছেন। তার সহকর্মী গবেষকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, তাপসের গবেষণা অনেক উঁচুমাপের। এ জন্য নোবেল কমিটি তাকে পুরস্কৃত করার কথা ভাবছে।
রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন ঢাবি উপাচার্য। এ সময় তিনি একটি প্রাইভেট বালিকা বিদ্যালয়ের উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক দেন।
ঢাবি উপাচার্য বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। দেশ স্বাধীন করতে শহীদ হওয়া এবং যুদ্ধ করার মতো মহৎ ও শ্রেষ্ঠ কাজ কিছুই হতে পারে না।
শিক্ষার ব্যাপারে তিনি বলেন, শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাইয়ে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নয়। সুদক্ষ, সুশিক্ষিত, সততা, দেশপ্রেম এবং মূল্যবোধ সম্পন্ন জিপিএ-৫ পাওয়াতে হবে। নিয়মিত শিক্ষা কারিকুলামের বাইরে শ্রেণিকক্ষে দেশসৃষ্টির ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দিতে হবে।
শিক্ষানুরাগী মোবারক হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এমএ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট রহমত আলী।
এ ছাড়া বক্তব্য রাখেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী আকন্দ প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এএম