দুর্বৃত্তদের রাতের শিকার ১৩০টি আম গাছ
শত্রুতা করে তিন কৃষকের ১৩০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার চকতকিনগর মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, রোববার রাতে কে বা কারা শত্রুতা করে উপজেলার চক গোয়াশ গ্রামের আরিফ হোসেন, আঃ লতিফ এবং আঃ আলিমের আম বাগানের ১৩০ টি আম গাছের চারা কেটে বিনষ্ট করে। এর মধ্যে আরিফের ৯৫টি, লতিফের ২০টি এবং আলিমের ১৫টি আমের চারা ছিল। গাছগুলি এক থেকে দুই বছর আগে রোপন করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ কর্তনের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় গাছ কাটার প্রবণতা এই বাগাতিপাড়া উপজেলায় বেড়েই চলেছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমজেড/আরআইপি