স্বাস্থ্যমন্ত্রীর সামনেই ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৬ মার্চ ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সামনেই বরিশাল ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ৮ টার দিকে বরিশাল সার্কিট হাউজের নিচতলার মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভা শেষে মন্ত্রীকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের পক্ষে কর্ম পরিষদের মিলনায়তন সম্পাদক জুবায়ের আলম কয়েকজন নেতাকর্মী নিয়ে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এতে বিএম কলেজ অস্থায়ী কর্ম পরিষদের মঈন তুষার ও তার সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ফুল দিয়ে বের হওয়ার সময় মন্ত্রীর সামনেই জুবায়ের আলমের ওপর চড়াও হয়। এ সময় জুবায়েরকে চড়-খাপ্পর দেয় তুষার গ্রুপের কর্মীরা।

পরে সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ব্যাপারে জুবায়ের আলম জানান, মঈন তুষারের নেতৃত্বে বহিরাগত পাসপোর্ট সোহাগ, সাঈদ, আনোয়ার সহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালিয়েছে।

মঈন তুষারকে রেখে জুবায়েরকে দিয়ে মন্ত্রীকে ফুলের তোড়া দেওয়ার ঘটনায় মঈন তুষার এক পর্যায়ে সেখানে উপস্থিত সদর আসনের এমপি ও প্রয়াত এমপি শওকত হোসেন হিরনের পত্মী জেবুন্নেছাকে দেখে নেয়ার হুমকি দেয় । মঈন তুষারের হুমকির বিষয়টি স্বীকার করেছে হামলার শিকার ছাত্রলীগ নেতা জোবায়ের।

এদিকে মন্ত্রীর সামনে হাতাহাতির বিষয়টি অস্বীকার করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

এমজেড/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।