রোহিঙ্গাদের সঙ্গে বনকর্মীদের সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন নতুন রোহিঙ্গা বস্তিতে স্থানীয় বনকর্মী ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় দুইপক্ষের গুলি বিনিময়ের ঘটনার পাশাপাশি বন কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করেছে রোহিঙ্গারা। এতে বনকর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংগঠিত এ ঘটনায় আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, গত দুই মাসে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে প্রায় ২৩ হাজার নতুন রোহিঙ্গা আশ্রয় নেয়। তাদের পুুঁজি করে পাহাড়ে নির্বিচারে ঝুঁপড়ি ঘর নির্মাণ হচ্ছিল। যা নিয়ে বাণিজ্য চলে আসছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়।

এসব কারণে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের আওতাধীন বন বিভাগের কর্মকর্তাসহ ২৫ জনের একটি দল রোহিঙ্গা বস্তির ৬৫ টি ঝুঁপড়ি ঘর ভেঙে দেয়। বনকর্মীরা ফেরৎ আসার সময় ওঁৎপেতে থাকা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বনকর্মীদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ও ইট পাটকেল ছোড়ে। জবাবে বনকর্মীরাও পাল্টা ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।  

এ ঘটনায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মন্নান, উয়ালাপালং বিট কর্মকর্তা ফেরদৌস, উখিয়ার ঘাট বিট কর্মকর্তা মোবারক আলী, মোছার খোলার বিট কর্মকর্তা মাসুদ সরকার, দোছরী বন বিট কর্মকর্তা আমির হোছন গৌজনবী, উখিয়া সদর হেডম্যান মো. ইব্রাহিম, বনকর্মী তরিকুল ইসলাম ও মোহাম্মদ শাহ জাহানসহ ১৫ জন আহত হয়েছেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, রোহিঙ্গারা কুতুপালং বন ভূমির জমিতে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে আসছিল। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হওয়ার আগে শত শত রোহিঙ্গারা তাদের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ এবং ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় বনকর্মীরাও ১ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

উখিয়া সদর বন বিট কর্মকর্তা আবদুল মন্নান বলেন, ৯৭-৯৮ সালের রোপিত বন বিভাগের জায়গার ওপর অনুপ্রবেশকারীরা দেড় হাজারের অধিক ঝুঁপড়ি ঘর নির্মাণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওই ঝুঁপড়ি ঘরগুলো উচ্ছেদ করতে গেলে রোহিঙ্গারা বনকর্মীদের ওপর গুলি ছোড়ে এবং হামলা চালায়।

কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. আলী কবির তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মন্নান বাদী হয়ে এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিট কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।