পাবনা ৩ ও ৪ আসনে জামায়াত, সদর আসনে বিজয়ী শিমুল বিশ্বাস
পাবনা ৩ আসনে জামায়াতে ইসলামীর আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ও পাবনা ৪ আসনে জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া পাবনা সদর আসনে ১৬ হাজার ৯৩১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা ৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
ঈশ্বরদী ও আটঘরিয়া নিয়ে পাবনা ৪ আসনে ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। এ দুটি আসনে জামায়াতে ইসলামী বিজয় অর্জন করলেও সদর আসনে ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইকবাল হুসাইন পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট।
আলমগীর হোসাইন নাবিল/কেএসকে