বাঁকখালীর দু’পাশে পর্যটন স্পট গড়ে তোলা হবে : কউক চেয়ারম্যান


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

কক্সবাজার ও রামুর সিংহভাগ মানুষের জীবন-জীবিকার প্রধান উৎসস্থল বাঁকখালী নদীর দু’পাশে পর্যটন স্পট গড়ে তোলা হবে উল্লেখ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, নদীর পানি প্রবাহ আপন ধারায় পরিচালিত হতে না পারলে স্বাভাবিকভাবে নদী ক্ষতিগ্রস্থ হয়।

বাঁকখালী নদীর দু’পাশে কিছু মানুষ তাদের জমি রক্ষার্থে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাতে নদী ভরাট হয়ে গতি পরিবর্তন হচ্ছে। ফলে অপর কূল ভেঙে যাচ্ছে। এ কারণেই হাজার হাজার জেলে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার তিনি প্রাচীন এ নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি প্রথমে পিএমখালীর রাবার ডেম এলাকায় যান। সেখান থেকে নৌকাযোগে চলে আসেন খুরুশকুল ব্রিজ এলাকায়। এসময় নদীর দু’পাশে অবৈধ দখল, নদীর গতিরোধ ও ভাঙন দৃশ্য দেখে তিনি বিস্মিত হন।

নদীর দু’পাশে অবৈধ দখল ও দূষণ রোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরঘ্রই প্রশাসনের ঊর্ধ্বতন মহলে নদীর ব্যাপারে বৈঠক হবে। নদীর সীমানা নির্ধারণের পাশাপাশি দু’কূলে পর্যটন স্পট গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন দেশে এরকম নদী কেন্দ্রিক গড়ে উঠা পর্যটন শিল্প দেশের রাজস্ব আয়ে ব্যাপক ভূমিকা রাখছে।

এর আগের দিন তিনি নদীর কস্তুরাঘাট, ৬নং ঘাটসহ আরও বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ওয়ালি উল্লাহ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সেকশন অফিসার সেলিম উল্লাহ, জহিরুল হক প্রমুখ।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।