মাশরাফির `স্যরি`, তবু গর্বিত দেশ


প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৯ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুকে এক শব্দের একটা স্ট্যাটাস দিয়েছেন—স্যরি। এই স্ট্যাটাসের নিচেই একটার পর একটা কমেন্ট।

দেশের শীর্ষস্থানীয় সাবেক খেলোয়াড়, সাবেক অধিনায়ক থেকে শুরু করে বর্তমান খেলোয়াড় অনেকেই সেখানে মন্তব্য করেছেন। সবার কথা একটাই, ‘দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। তুমি এবং তোমার দল আমাদের গর্বিত করেছে।’

শেষ বেলায় বিতর্কিত ঘটনার ফলস্বরূপ বাংলাদেশকে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। দূরন্ত বোলিং করার পরও অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া জীবনে ভর করে রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন এবং ভারত ৩০২ রানের স্কোর করেছে। পরে আরও বিতর্কিত সিদ্ধান্তে মাহমুদউল্লাহর উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৯৩ রানে। ফলে ১০৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

কিন্তু সকলের ভাষ্য একটাই, এই হার কিছুতেই দলের পরাজয় নয়। জাতীয় দল আমাদের জন্য গর্বই নিয়ে ফিরছে বিশ্বকাপ থেকে।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ওঠাই ছিল অকল্পনীয় এক ঘটনা। প্রথমত বাংলাদেশ দল এই কন্ডিশনের সঙ্গে একদমই পরিচিত ছিল না। টুর্নামেন্টের আগে বেশিরভাগ দল যখন কয়েক মাস থেকে শুরু করে বছর খানেক ধরে ওই কন্ডিশনে অনুশীলন করেছে, বাংলাদেশ সে সুযোগ পেয়েছে মাত্র দুই সপ্তাহের জন্য। ফলে একেবারে বিপরীত এই কন্ডিশনে, কখনো না খেলা মেলবোর্ন-এডিলেডের মতো বিশাল মাঠে বাংলাদেশ কী করবে, এ নিয়ে অনেক শঙ্কা ছিল। এইসব শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রবল প্রতাপে জিতেছিল আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। এরপরও কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে বাংলাদেশের দরকার ছিল দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অথবা এই কন্ডিশনের দুই সেরা দল ইংল্যান্ড-শ্রীলঙ্কার এক দলকে হারানো।

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা পরিত্যক্ত হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং মিস কাল হয়ে দাঁড়ালো। বাকি রইলো ইংল্যান্ড। তাদের রুদ্ধশ্বাস এক ম্যাচে দারুণ পেশাদার জয় আনলেন মাশরাফিরা।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের সেরা ক্রিকেট খেলেও ভাগ্যের কাছে হেরে গেল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তির খাতায় যোগ হলো অনেক কিছু। প্রথমবারের মতো নকআউট পর্বে খেললো বাংলাদেশ। বাংলাদেশের তিন পেসার আতঙ্ক সৃষ্টি করলেন; মুশফিক, সাব্বির ধারাবাহিকভাবে ঝড় তুলে নিজেদের চেনালেন। আর সেরাটা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টানা দুই সেঞ্চুরি করে চলে গেলেন কিংবদন্তিদের তালিকায়। ফলে এই বিশ্বকাপে প্রাপ্তির পাল্লাটা অনেক বেশি ভারি, যা নিয়ে টাইগার সমর্থকরা রীতিমতো গর্বিত। মাশরাফির ‘স্যরি’র নিচে আসা অসংখ্য মন্তব্য সেটিই প্রমাণ করেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।