রাজশাহীর তিন সাংবাদিকের মামলা প্রত্যাহারের ঘোষণা
রাজশাহীতে তিন সাংবাদিকের নামে দায়ের করা নাশকতার মামলা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। সেই সাথে কেন ওই তিন সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে তাও তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার রাতে রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সভায় তিনি এই ঘোষণা দেন।
জানা গেছে, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা, প্রথম আলোর ফটো সাংবাদিক শহীদুল ইসলাম দুখু ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন রায়হানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে গত ফেব্রুয়ারি মাসে তিনটি করে মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে বাস পোড়ানো ও পুলিশের ওপর ককটেল হামলার মতো অভিযোগ আনা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সভা সমাবেশসহ নানা কর্মসুচি পালিত হয়।
সভায় মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সাম্প্রতিক সময়ে পুলিশকে কঠোর হতে হয়েছে। তবে কেন সাংবাদিকদের মামলায় জড়ানো হয়েছে তা জানতে বোয়ালিয়া মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মামলায় জড়ানোর জন্য সাংবাদিকদের কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক, বাংলাদেশ প্রতিদিনের কাজী শাহেদ, কালের কণ্ঠের রফিকুল ইসলাম, রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএইচএ/এমএস