সিলেটে ব্যবসায়ী ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২১ মার্চ ২০১৫

সিলেটে আতাউর রহমান শাহজাহান (৩৭) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ ও চিকিৎসকের বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার শিবেরবাজার থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহজাহান শহরতলীর হাটখোলা ইউনিয়নের হাটখোলা গ্রামের মৃত সালামত উল্লার ছেলে এবং শিবেরবাজারের শুটকি ব্যবসায়ী।

নিহতের ছোট ভাই কবির আহমদ জানান, শ্বশুর বাড়ির সাথে শাহজাহানের বনাবনি ছিল না। প্রায় ৭ মাস থেকে শাহজাহানের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। শাহজাহান হত্যাকাণ্ডের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারেন।

এ ব্যাপারে জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, সিলেট নগরীর তপোবন আবাসিক এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুরিফা ওরফে সুফিয়া। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম আই এইচ জালালীর আখালিয়া তপোবন ১০০ নম্বর বাসায় কাজ সে করতো। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কালিয়াজুড়িতে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই রবিউল হক মাসুম বলেন, ডা. এস এম আই এইচ জালালীর বাসা থেকে গৃহকর্মী সুফিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। দরজা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।