জ্যান্ত পুড়ে মরলো ৭ গাড়ল, দগ্ধ ৮


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২১ মার্চ ২০১৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষকের বাথান বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে ৭টি গাড়ল জ্যান্ত পুড়ে মারা গেছে। আগুনে দগ্ধ হয়েছে আরও ৮টি গাড়ল। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে গোদাগাড়ী থানার এসআই রুহুল আমিন-১ জানান, উপজেলার দুধাই গ্রামের আতাউর রহমানের ছেলে আবদুল জব্বার (৪০) ঘুন্টিঘর এলাকায় একটি পুকুর ইজারা নিয়ে মাছচাষ করতেন। মাছ চাষের পাশাপাশি আবদুল জব্বার সেখানে একটি বাথান বাড়ি তৈরি করে গাড়লও পালন করতেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা এই বাথান বাড়িতে আগুন দেয়। এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনে ৭টি গাড়ল জ্যান্ত পুড়ে মারা যায়। দগ্ধ হয় আরো ৮টি গাড়ল। দগ্ধ গাড়লগুলোর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আবদুল জব্বার জানান, শখের বসে চর থেকে গাড়ল এনে তিনি পুকুর পাড়ে পালন করতেন। তিনি দাবি করেন, পুকুর ইজারা নিয়ে মাছচাষ করলেও এই নিয়ে এলাকার একটি মহলের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এরই জের ধরে দুর্বৃত্তরা তার বাথান বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।