রোববার সিসিকের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আগামীকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই ওয়ার্ডে সরগরম প্রচারণা চলছে।
নির্বাচন ঘিরে প্রার্থীদের পদচারণায় এখন সরগরম হয়ে উঠেছে এই ওয়ার্ডের প্রতিটি অলিগলি। প্রার্থীরা ভোটার যাকে যেখানে পাচ্ছেন, ভোট চাচ্ছেন। ওয়ার্ডের সর্বত্র এখন নির্বাচনী উৎসবের আমেজ। ভোট প্রার্থনার পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন ভালো কাজের। ঘুম নেই প্রার্থী-সমর্থকদেরও। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির গৃহিণী পর্যন্ত সবাই এখন ব্যস্ত নির্বাচনী আলোচনায়। বলা যায়, নির্বাচনী জ্বরে আক্রান্ত ৭ নং ওয়ার্ডের ছোট বড় সবাই।
সিসিক সূত্র জানায়, সাবেক কাউন্সিলর নজিবুর রহমান নিরুর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। নগরীর জালালাবাদ, পীরমহল্লা, বনকলাপাড়া, হাজীপাড়া এবং ফাজিলচিশত ও লন্ডনী রোডের একাংশ নিয়ে ৭ নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ জনসংখ্যার মধ্যে ভোটার রয়েছেন প্রায় ১৮ হাজার। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৪৯ জন, মহিলা ৮ হাজার ৬৫২জন। ভোটকেন্দ্রে ৫৪টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ প্রার্থী। ঠেলাগাড়ি মার্কায় সাবেক কাউন্সিলর নিরুর ভাই মুহিবুর রহমান সাবু, ঘুড়ি মার্কায় আফতাব হোসেন খান, রেডিও প্রতীক নিয়ে সৈয়দ বাহারুল ইসলাম রিপন, লাটিম প্রতীকে মোহাম্মদ সায়ীদ আব্দুল্লাহ এবং ব্যাডমিন্টন প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল করিম শামীম আহমদ।
এমএএস/আরআই