চট্টগ্রামে ভোটার বেড়েছে সোয়া লাখ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার পর থেকে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। নগরীর ৪১টি ওয়ার্ডে গত বারের চেয়ে ভোটার বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৭৭৬ জন। নগরীতে বর্তমানে ভোটার রয়েছে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন।
গতবার ছিল ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৩ জন। তারমধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন, গতবার ছিল ৮ লাখ ৭৫ হাজার ১৬৬ জন। বর্তমানে মহিলা ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন, গতবার ছিল ৮ লাখ ১৫ হাজার ৫১১ জন।
নগরীতে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৯৭ জন এবং সবচেয়ে কম ভোটার রয়েছে ৩১নং আলকরণ ওয়ার্ডে। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৩। প্রায় ৭০০ ভোট কেন্দ্রে ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন। তিনি বলেন, নগরবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই আমার লক্ষ্য। এ কারণে চসিক নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
এসএইচএ/বিএ/এমএস