ব্রির মহাপরিচালক হলেন কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বিজ্ঞানী ড. মো. আমিনুল ইসলাম।
সোমবার (৪ মে) বিকেলে ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক মো. রাশেল রানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান।
এতে বলা হয়, দুপুরে কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম গাজীপুরে ব্রির কার্যালয়ে এসে মহাপরিচালকের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রির আঞ্চলিক কার্যালয় সোনাগাজীতে চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম ১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৬ সালে এইচএসসি (প্রথম বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি অর্জন করেন।
পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১৩ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি দেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম