রূপগঞ্জে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহ মানুষের জমি জবরদখল করে বালু ভরাট ও সরকারি জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরঘেষা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চরচনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় সিটি গ্রুপের প্রজেক্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শীতলক্ষ্যা নদীর তীরঘেষা চরচনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় স্থানীয় কৃষকদের কয়েক শতাধিক বিঘা কৃষি জমি রয়েছে। এলাকায় জমি ক্রয় বালু ভরাট কাজ অব্যাহত রাখে সিটি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

স্থানীয় নিরীহ শতাধিক কৃষকের জমি না কেনে জবরদখল করে বালু ভরাট ও কালীগঞ্জ-চনপাড়া সড়কের পাশের একোয়ারভুক্ত জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকাজ চালাচ্ছে সিটি গ্রুপের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় এলাকাবাসী সীমানাপ্রাচীর নির্মাণ ও বালু ভরাটে বাধা দিয়ে আসছে।

প্রতিবাদে দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি ও হেলালের নেতৃত্বে শত শত এলাকাবাসী লাঠি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

অপরদিকে, সিটি গ্রুপের পক্ষ হয়ে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু ও শমসেরের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ লেগে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জয়নাল, রাঙ্গা, হনুফা, জিয়াসমিন, ইয়াছিন, খালেক, জুয়েল, সাইফুল, আহাম্মদ, নাইম, বাবুল, জসিম গাজী, খাইরী, শাহিনুর, তাসলিমা, নাসরিন, দেলোয়ারা, শাইরি, শমসের ও কুদ্দুসসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মীর আব্দুল  আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।