সৈনিকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জের ধরে সৈনিকলীগ নেতা তারা মিয়া হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভারের আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবি পুলিশ এমন তথ্য জানান।  

গ্রেফতারদের মধ্যে রূপগঞ্জ মঙ্গলখালী এলাকার মৃত.বাহার উদ্দিনের ছেলে আইয়ুব রহমান (৩৭) মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। অপরদিকে গ্রেফতার সাইদুর রহমান একই এলাকার আব্দুল লতিফের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ২০১৬ সালের ৭ নভেম্বর আইয়ুব রহমানসহ কয়েকজনে মিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা মিয়াকে গুলি করে কুপিয়ে হত্যা করে।

পরে নিহতের স্ত্রী স্বপ্না আইয়ুব রহমানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন মামলটি রূপগঞ্জ থানায় থাকলেও কোনো সুরাহা হয়নি। অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবি পুলিশের স্থানান্তর করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার রাতে সাভার আশুলিয়া থেকে আইয়ুব রহমান ও সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।