না.গঞ্জে পোশাক কারখানার ৯২৮ শ্রমিক ছাঁটাই


প্রকাশিত: ১১:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর ক্রোনী সুয়েটার্স নামে এক গার্মেন্টের্সের ৯২৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ফটকে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। কারখানাটির মালিক বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি আসলাম সানি।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টের্স ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, সকালে কারখানাটির ফটকে শ্রম আইনের ২০ ধারা মোতাবেক ৯২৮ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। শ্রমিকরা কারখানার সামনে থেকে মিছিলটি বের করে ফতুল্লার আলীগঞ্জস্থ লেবার হলে সমবেত হয়।

পরে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টের্স ওয়ার্কার্স কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহাম্মেদ পলাশ সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করতে পারে। তবে সেটা হতে হবে শ্রম আইন অনুযায়ী ও যুক্তি সঙ্গত।

মালিকপক্ষ শ্রম আইনের যে ধারা অনুযায়ী শ্রমিকদের ছাঁটাই করতে চাইছেন সেটা বে-আইনি। শ্রমিকদের ছাঁটাই করতে হলে শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক জানান, কারখানাটিতে আগে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে কাজ করা হতো। কিন্তু বর্তমানে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে অর্ডার পাওয়া যাচ্ছে না। এ কারণে মালিকপক্ষ জ্যাকার্ড মেশিন দিয়ে উৎপাদনে যাবে। ওই মেশিন ব্যবহারে জনবল অনেক কম লাগবে। এ কারণে মালিকপক্ষ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছেন।
 
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতলিশ জানান, নতুন মেশিন ব্যবহারে জনবল কম লাগবে বিধায় মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।