শ্রীপুরে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
গাজীপুরে গোয়েন্দা পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
শ্রীপুরে ব্যবসায়ী ও জনতা কর্তৃক গোয়েন্দা পুলিশের কয়েক সদস্যকে অবরুদ্ধ এবং পুলিশের মাইক্রোবাসে অগ্নিসংযোগ-ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনার পর বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মিঠু শেখ, উপপরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুব।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, কোনো মামলা বা অভিযোগ ছাড়া শ্রীপুরের মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানায় অভিাযানের অভিযোগে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
আল আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম জানান, কয়েকদিন আগে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কয়েক সদস্য তার মিলে মুড়ির সঙ্গে সার মেশানোর অভিযোগ এনে ৭ লাখ টাকা ঘুষ দাবি করে। অন্যথায় মামলা দিয়ে হয়রানি, ক্রসফায়ার করার হুমকি দেয়। পরে ২ লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে সাময়িক রক্ষা পাই। পরবর্তীতে আরও বাকি টাকা পরিশোধ করতে হবে বলে হুমকি দিয়ে যায়।
মাওনা-চৌরাস্তা বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মোশারফ হোসেন বলেন, ওই ঘটনা সকল ব্যবসায়ীদের জানানো হলে তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা চাঁদার বাকি টাকা নিতে মুড়ির মিলে যায়। এসময় সকল ব্যবসায়ীকে খবর দিলে তারা এসে কাউকে কোনো প্রকার চাঁদা দিবে না বলে জানায়। তারপর পুলিশের লোকজন কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা গোয়েন্দা পুলিশ ও তাদের সোর্সের ওপর হামলা করে আহত করে।
পরে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মাহসড়ক অবরোধ করে। এক পর্যায়ে ডিবি পুলিশের মাইক্রোবাস ভাঙচুর ও কারখানার ভিতরে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত ৮টার দিকে যানবাহন চালু হয়।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গত তিনদিন ধরে তিনি পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা জানার পর ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম