রংপুরে বাস খাদে, নিহত ৩
রংপুরে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ঘোড়ার গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। কাউনিয়া উপজেলার মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন যাত্রী।
আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী বাস কাউনিয়া উপজেলার জুম্মার পাড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ঘোড়ার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই ঘটনার পর পুলিশের একটি র্যাকার গাড়ি খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করার চেষ্টা করে।
পুলিশ ও এলাকাবাসী বাসের নিচে আটকা পড়া যাত্রীদের মধ্যে থেকে ২৫ জন যাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে ১২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই বাস যাত্রী মারা যান।
বাসটি নতুন হওয়ায় এর গায়ে কোম্পানির নাম লেখা নেই। এখন পর্যন্ত নিহত ও আহত যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এমজেড/এআরএস/এমএস