যশোরে গৃহবধূ গুলিবিদ্ধ
যশোরে এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শান্তা বেগম (৩০) পালবাড়ি এলাকার তরিকুজ্জামান সুমনের স্ত্রী। আহত শান্তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ ও পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গৃহবধূ শান্তা বেগম বুধবার সকালে প্রাতঃভ্রমণে বের হন। তিনি পুরাতন কসবা ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে। বামপায়ে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গুলিবিদ্ধ গৃহবধূকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।
মিলন রহমান/আরএআর/পিআর